
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন এমপি।
সমাবেশ শেষে ফজলুল হক মিলনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহীম প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক : 


















