
টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে প্রশাসনিকভাবে পৌরসভা ঘোষণার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। ৮ নভেম্বর (রবিবার)বিকালে জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা মজলিসে শূরার বৈঠকে এ দাবি জানিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়।
জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভায় উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বৈঠকে বলা হয়, টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ এ দুটি উপজেলায় সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ নগরায়ণের নানা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এখনো পৌরসভা প্রতিষ্ঠিত না হওয়ায় পরিকল্পিত নগর উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে।
নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা ঘোষণা করা হলে পরিকল্পিত নগরায়ণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে আরও বলা হয়, নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত এ দুটি উপজেলাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা প্রয়োজন।
এ সময় সরকার নাগরপুর ও দেলদুয়ারের যৌক্তিক দাবি ও উন্নয়ন সম্ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় জেলা জামায়াতের নেত্ববৃন্দসহ নাগরপুর ও দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম ও মাওলানা আল মোমিন উপস্থিত ছিলেন।

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 


















