
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিককে ঘিরে মব সৃষ্টি ও পরে তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সাংবাদিক সুজনের সহকারী সানিম মিয়া।
গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজার এলাকায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত একটি সালিশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাঁরা জানতে পারেন, স্থানীয়ভাবে দুই লাখ ৮০ হাজার টাকায় ঘটনাটি মীমাংসা হয়েছে। পরে পাশের একটি বাড়িতে কয়েকজনের মাদক সেবনের তথ্য পেয়ে সেখানে গিয়ে ভিডিও ধারণ করেন তাঁরা।
এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদের নেতৃত্বে ২০০ থেকে ৩০০ লোক জড়ো করে সাংবাদিকদের ঘেরাও ও হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাংবাদিকদের অভিযোগ, তাঁদের ম্যানেজ করার চেষ্টা ব্যর্থ হওয়ায় পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। তাঁদের সহকারী সানিম মিয়ার পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করেছেন আব্দুর রাজ্জাক সুজন।
অন্যদিকে মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়নি কেন—এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।
সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনিও।
এ ঘটনায় টাঙ্গাইলের সাংবাদিক মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 


















