
অসময়ের টানা বৃষ্টিতে ফরিদপুরের বিভিন্ন এলাকার কৃষকরা চরম বিপাকে পড়েছেন। জমিতে পাকা আমন ধান কেটে রাখলেও বৃষ্টির কারণে তা ঘরে তুলতে পারছেন না তারা। মাঠেই বৃষ্টির পানিতে ভিজছে মাড়াইয়ের অপেক্ষায় থাকা ধান। এতে ধানে পচন ও অঙ্কুরোদ্গমের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সারা বছরের পরিশ্রমের ফসল হারানোর শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে ফরিদপুরের বিভিন্ন উপজেলার নিচু ও মাঝারি ফসলি জমিতে পানি জমেছে। বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলায় অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সেই ধান আর ঘরে তুলতে পারেননি।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে জমিতে পড়ে থাকা ধানের গোছাগুলো ভিজে জবুথবু হয়ে আছে। কোথাও কোথাও ধানের শিষে অঙ্কুরোদ্গম শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পানিতে ভিজে থাকায় ধান ও খড় পচে যাওয়ার শঙ্কাও বাড়ছে। অন্যদিকে বৃষ্টি অব্যাহত থাকায় এবং শ্রমিক সংকটের কারণে ভেজা ধান দ্রুত বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ নানা খাতে বাড়তি অর্থ ব্যয় করে তারা এবার ধানের আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশাও করেছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে অসময়ের বৃষ্টি তাদের সব প্রত্যাশা ম্লান করে দিচ্ছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে কেটে রাখা ধানের পাশাপাশি গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড়ও নষ্ট হয়ে যেতে পারে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনা, আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদানের দাবি জানিয়েছেন তারা।
কৃষকদের মতে, ফসল উৎপাদনের পুরো মৌসুমে নানা প্রতিকূলতা মোকাবিলা করে শেষ পর্যন্ত যখন ঘরে ফসল তোলার সময় এসেছে, তখনই প্রকৃতির এমন বিরূপ আচরণ তাদের চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। সময়মতো রোদ না মিললে ফরিদপুরের কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

নজরুল ইসলাম হিরু, ফরিদপুর জেলা প্রতিনিধি : 

















