
বগুড়ার শেরপুরে জাকের পার্টির একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাকের পার্টি সাহিত্য ও সংস্কৃতি ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি মো. মাছুম রানা ওয়াসিম। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক শেরপুর পৌরসভার কলেজ রোডের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এতে কার্যালয়ের তিন পাশের দেয়ালসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ সময় ৮০টি চেয়ার, দুটি ফ্যান, তিনটি টেবিল, প্লেট, জগ, বালতি, সাইনবোর্ড, ব্যানার, দলীয় পতাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে অভিযোগকারীকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন বলেন, ঘটনাটি রাজনৈতিক কোনো বিষয়কে কেন্দ্র করে নয়; জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : 

















