
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়ক নিরাপত্তা জোরদারে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন কৌশলগত পয়েন্টে পুলিশের ৭টি স্থান জুড়ে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার প্রধান প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে সরেজমিনে দেখা যায়, চেকপোস্টে যানবাহন থামিয়ে চালকদের প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করছে পুলিশ। সেই সাথে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ হিসেবেই উপজেলার গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির হালনাগাদ রেজিস্ট্রেশন পরীক্ষা করা হচ্ছে। কোনো যানবাহন বা যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা—মাদক, অবৈধ অস্ত্র পরিবহন ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ নজরদারি কার্যকর ভূমিকা রাখবে।
দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং সড়ক আইন মেনে চলার ব্যাপারে সচেতন করছেন। যেসব যানবাহনে নথিপত্রের ত্রুটি বা অনিয়ম পাওয়া যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের এই তৎপরতা অপরাধীদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি সাধারণ মানুষের মনে নিরাপত্তাবোধ তৈরি করছে। বিশেষ করে রাতের বেলা এ ধরনের কড়াকড়ি অব্যাহত রাখলে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুর রহিম সরকার জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ নির্মূলে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে চেকপোস্ট ও টহল আরও জোরদার করা হবে।

মোঃ মিজানুর রহমান সুমন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : 


















