
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে মারাত্মক আহতাবস্থায় হাসপাতালে ভর্তির তিন দিন পর কদম আলী নামক এক ব্যাক্তি গত ২৭ মে হাসপাতালে মৃত্যু বরণ করে। উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বালিয়াকান্দি থানা পুলিশ গতকাল ২৮ মে এক অভিযান পরিচালনা করে ৪ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মিজান মিয়া (১৯) পিতা ফরহাদ মিয়া সাং মিয়া পাড়া, পদমদী, মোঃ লিমন শেখ পিতা মৃতঃ নান্নু শেখ গ্রাম সদাশিবপুর, মোঃ রাজিব শেখ পিতা মোতালেব শেখ সাং মিয়াপাড়া পদমদী, সোহাগ ফকির পিতা আঃ রাজ্জাক ফকির গ্রাম ঘোড়ামারা সর্ব থানা বালিয়াকান্দি।
ঘটনার বিবরণে জানাযায়,কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের চরকুলটিয়া গ্রামের আরজু গ্রুপ ও বেতবাড়িয়া গ্রামের শিমুল গ্রুপের মধ্যে বিরোধ তৈরি হয় এবং আরজু গ্রুপ সোনাপুর কাঁচা বাজারের খাজনা তুলতে গেলে শিমুল গ্রুপ বাধা প্রদান করে যা উভয় গ্রুপের মধ্যে পরবর্তীতে বিরোধ চরম আকার ধারন করে এবং একাধিকবার উভয় গ্রুপের মধ্যে মারামারি সংঘটিত হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ২৫/০৫/২০২৫ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার সময় শিমুল গ্রুপের লোকজন আরজু (৪০), পিতা-খবির মোল্লা, মিলন ওরফে কদম (৩৫), পিতা-মোঃ লোকমান মন্ডল এবং বাচ্চু মন্ডল (৩৮), পিতা-হাবিল মন্ডল, সর্বসাং-চর কুলটিয়া, ইউপি-মাজবাড়ি, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ীদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কালুখালী ও স্থানীয় জনগণের সহায়তায় আহতদের উদ্ধার করে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। আহতদের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে আরজু এবং মিলন ওরফে কদমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত বাচ্চু কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে গত ২৭/০৫/২০২৫ তারিখ দুপুর পৌনে ২ টার সময় মিলন ওরফে কদম (৩৫), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে আহত মিলন ওরফে কদম (৩৫) এর বড় ভাই মোঃ আফজাল হোসেন ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করলে বালিয়াকান্দি থানার মামলা নং-১৭, তারিখ-২৮/০৫/২০২৫ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলায় রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশ ক্রমে অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে বালিয়াকান্দি থানার একটি চৌকস পুলিশ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শেখ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা প্রতিনিধি ঃ 
















