
মাদারীপুরের শিবচরে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ ময়নাকাটা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধান ও আহ্বানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অভিযানের অংশ হিসেবে শিবচর উপজেলা পরিষদ চত্বরে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বর্ষা পরবর্তী সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা তিন মাসব্যাপী এই অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করতে মাইকিং ও প্রচার-প্রচারণাও চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এই অভিযানকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় উপস্থিতি ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন তিনি।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 

















