
মাদারীপুরের শিবচরে সরকারি বালু ও মাটি কাটার অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। রবিবার দুপুরে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।
গত ১৪ নভেম্বর অনলাইন সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’সহ কয়েকটি মিডিয়ায় ‘সরকারি বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছেন দুই বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে আবু জাফর চৌধুরী বলেন, সংবাদটিতে তাঁর সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন হয়েছে।
এসময় তিনি বলেন, শিবচরের উতরাইল নবাবাজার সেতুর উত্তর ও দক্ষিণ প্রান্তে বালুর দুটি বেড রয়েছে। এর মধ্যে সেতুর উত্তর প্রান্তের বালুর বেডটি সরকারি নিয়মে ইজারা নিয়ে তিনি বালু বিক্রি করছেন। ইজারার নির্ধারিত অর্থসহ সরকারি পাওনাদি পরিশোধ করেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন।
তিনি আরও দাবি করেন, সেতুর ৩০০ ফুটের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধসংক্রান্ত একটি সাইনবোর্ড সম্প্রতি কর্তৃপক্ষ স্থাপন করেছে। তবে ইজারার বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ ছিল না। তিনি দাবি করেন, নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন কিংবা নদী থেকে বালু কাটার সঙ্গে তিনি জড়িত নন। সেতুর দক্ষিণ প্রান্তের বালুর বেডটিও তাঁর ইজারার আওতাভুক্ত নয়।
আবু জাফর চৌধুরী আরও বলেন, সরকারি বিধি মোতাবেক ইজারা নেওয়া বালু বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। অথচ তাঁর বক্তব্য না নিয়ে কিংবা তথ্য যাচাই না করেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রকাশিত সংবাদে তাঁকে জড়িয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আবু জাফর চৌধুরী।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 


















