
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামে সরকারি ডিসি রোডের ওপর মাটি পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সড়কের পাশ থেকে বেকো মেশিন দিয়ে মাটি কেটে মাহিন্দ্রা ট্রাক্টরে করে পরিবহনের সময় গাড়ির ঝাঁকুনিতে মাটি রাস্তায় পড়ে গিয়ে সড়কটি পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলাচলকারী হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, খিরাতলা গ্রামের জামে মসজিদের উত্তর পাশে, ডক্টরস কেয়ার মডেল স্কুলের সামনে, খিরাতলা হাজীবাড়ী মার্কেটের সামনের সড়ক এবং ক্যাফে ভোজন বিলাশ রেস্তোরাঁর আশপাশের মাটি পড়ে দীর্ঘ সময় ধরে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির ওপর দিয়ে মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবাহন চলাচলের সময় চাকা পিছলে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে অনেকেই রাস্তায় পড়ে গিয়ে আহত হচ্ছেন। পথচারীরাও সড়কের পিচ্ছিল অংশ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় একটি রেস্তোরাঁয় আসা-যাওয়া করা মানুষও সড়কের মাটিতে পিছলে পড়ে যাওয়ার অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, মাটি পরিবহনের সময় নিয়ম মেনে ট্রাক্টর ব্যবহার করা হলে এবং রাস্তার ওপর পড়ে যাওয়া মাটি দ্রুত অপসারণ ও পানি দিয়ে পরিষ্কার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। কিন্তু দীর্ঘ সময় ধরে সড়কে মাটি পড়ে থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই সড়কে মাটি পড়ে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে স্কুলের সামনে হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এ অবস্থায় সড়কে পড়ে থাকা মাটি দ্রুত অপসারণ, সড়ক পরিষ্কার করা এবং ভবিষ্যতে মাটি পরিবহনের সময় যাতে কোনোভাবেই সরকারি সড়কে মাটি না পড়ে—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

মোঃ শামীম উসমান গণী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 
















