
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি লাইসেন্সপ্রাপ্ত দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন।
ভুক্তভোগী তানভীর আহমেদ রাব্বি নরসিংদী পৌর শহরের বেপারীপাড়ার মনির মিয়ার ছেলে। এ ঘটনায় তার মা মিনু বেগম বাদী হয়ে সোমবার রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেছেন।
মামলায় নরসিংদী পৌর শহরের বৌয়াকুর এলাকার বজলুল হক সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৬০) ও তার ছেলে জাহিদ সরকার (২৬)কে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকায় একটি আবাসিক হোটেল পরিচালনা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীর সরকার বাজিরমোড় এলাকার লাইব্রেরি পট্টিতে অবস্থিত ওই মদের দোকানে গিয়ে রাব্বির কাছে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। রাব্বি এতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয়। পরে জাহাঙ্গীর জোরপূর্বক ১০ লিটার মদ নিয়ে চলে যান।
এর কিছুক্ষণ পর জাহাঙ্গীরের ছেলে জাহিদ কয়েকজন লোক নিয়ে দোকানে এসে রাব্বিকে খুঁজে বের করেন। অভিযোগ রয়েছে, এ সময় তারা রাব্বির শরীরে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
দোকানের অন্য কর্মচারীরা পানি দিয়ে আগুন নেভানোর পর রাব্বিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনামূল্যে মদ না দেওয়ায় এক কর্মচারীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক : 

















