
ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগামীকাল ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্কতামূলক মহড়া দিয়েছে থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মহড়ায় অংশ নেন থানার পুলিশ সদস্যরা।
মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতি ও কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।
মহড়া শেষে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন বলেন, আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আবুল বাসার : 

















