
ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপতৎপরতার প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল নিয়ে সালথা সদর বাজার, থানা রোডসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজ খান, খোকন মাতুব্বর, ফরিদ হোসাইন, রাসেল শেখ, সদস্য রাজীব মোল্লা, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আবুল বাসার : 

















