
মাদারীপুরের শিবচরে ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ১২ জুলাই (রবিবার) পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহজাবিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে হলে পরিকল্পিত পরিবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলে তবেই একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 


















