
মাদারীপুরের শিবচরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পের প্রথম দিনেই চক্ষু চিকিৎসার জন্য ৬৪২ জন রোগী নিবন্ধন করেছেন। পাশাপাশি চর্ম, গাইনি ও মেডিসিনসহ অন্যান্য রোগের চিকিৎসার জন্য আরও প্রায় ১২০ জন রোগী নিবন্ধন করেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সংলগ্ন স্থানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসাসেবা দেওয়া হবে।
ক্যাম্পে দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে ব্যথা, চুলকানি, পানি পড়া, চোখ লাল হওয়া, ছানি, চোখের পাতা ও অন্যান্য চক্ষুজনিত সমস্যার পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। নারী-পুরুষের পাশাপাশি অনেক শিশুও চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে এসেছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, চক্ষু চিকিৎসার জন্য আসা রোগীদের মধ্যে ৫০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে চোখের বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং অর্থের অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেননি।
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ, ডায়াবেটিক রেটিনা ও ফ্যাকো সার্জন হিসেবে কর্মরত।
আয়োজকরা জানান, অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে যেসব রোগীর ছানি অপারেশনসহ উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের বাছাই করে আগামী ১৯ আগস্ট মাদারীপুর শহরের কলেজ রোডে অবস্থিত প্ল্যানেট হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন, লেন্স সংযোজন, গাইনি চিকিৎসাসহ অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হবে। দূর-দূরান্ত থেকে আসা রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও প্ল্যানেট হাসপাতালের পক্ষ থেকে করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট অ্যান্ড ফাইবার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা রোজিনা সিদ্দিকী সোমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার এবং কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট অহিদুজ্জামান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলহাজ্ব লোকমান মোল্লা বলেন, “আমি কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনসেবা করছি না। আল্লাহ আমাকে মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দিয়েছেন। তাই দায়িত্ব, কর্তব্য ও ভালোলাগা থেকেই মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আজ ও আগামীকাল এই ক্যাম্প থেকে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হবে, তাদের মাদারীপুরের প্ল্যানেট হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন, লেন্স সংযোজন, গাইনি চিকিৎসাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও প্ল্যানেট হাসপাতালের পক্ষ থেকে করা হবে।”
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যাতে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 


















