
কিংডম অব দ্য নেদারল্যান্ডস-এর অর্থায়নে এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস)-এর আয়োজনে শিবচরে লিঙ্গভিত্তিক প্রথাগত ধারণা (জেন্ডার স্টেরিওটাইপস), ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা এবং অ্যাডভোকেসি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ১১ টায় শিবচরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস), শিবচর, মাদারীপুরের চেয়ারম্যান মাহাবুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকী, মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস মোহনা। সঞ্চালনার পাশাপাশি তিনি নারী-পুরুষের সমতার বিষয় নিয়ে উপস্থিত বিভিন্ন পেশার নারী ও পুরুষের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা করেন।
সভায় বক্তারা সমাজে নারী ও পুরুষের সমতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের পেছনে রেখে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে তরুণ সমাজকে এগিয়ে রাখতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সাক্ষরতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভিআইএস ও জাগো ফাউন্ডেশনের প্রতিনিধিগণ,সাংবাদিক এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 














