
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২’আগস্ট ২০২৬ খ্রি.) টাঙ্গাইল শহীদ মিনার চত্বর থেকে যুব র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শুরুর আগে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলামের সভাপতিত্বে এবং যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. সুরুজ্জামানের সঞ্চালনায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির জননেতা আহসান হাবিব মাসুদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম খান।
যুব সমাবেশে বক্তারা বলেন, আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও দেশপ্রেমিক। যারা দেশপ্রেমিক, তাদের দাবিয়ে রাখা যায় না। যে যুবকেরা সাহসী ও ঐক্যবদ্ধ, তারাই বিপ্লব রচনা করতে জানে। আমাদের তরুণ যুবকেরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ২০২৪ সালের ৫ আগস্ট যে বিপ্লব অর্জন করেছে, সেই বিপ্লবের ফসল হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটিকে ম্লান করে দিচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম বলেন, তরুণ যুবসমাজের উন্নয়ন এবং তাদের উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো তরুণ যুবসমাজকে নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলে নতুন পথ দেখানোর মাধ্যমে একটি সমৃদ্ধ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণ করা।
যুব সমাবেশ ও র্যালিতে টাঙ্গাইল জেলা যুব বিভাগের নেতৃবৃন্দসহ জেলার সকল উপজেলা যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় যুব নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুব সমাজকে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 


















