
ফরিদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আরপিএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হানিফ মন্ডল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রেজওয়ান বিশ্বাস তরুন।
কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, সাতজন সহ-সভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন বিভাগের দায়িত্বে সাতজন সম্পাদক এবং আটজন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রসার, তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ সৃষ্টি এবং ফরিদপুরের হারানো ক্রীড়া ঐতিহ্য পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাবের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ মন্ডল বলেন, “ফরিদপুরে খেলাধুলার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য। ফরিদপুরের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবো। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের এই কমিটি আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “ফরিদপুরের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং নায়াব ইউসুফ আমাদের উপদেষ্টা হিসেবে রয়েছেন। তাঁদের পরামর্শ, দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ফরিদপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”
ক্লাব সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটির মাধ্যমে ফরিদপুরে ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পরিকল্পনাও রয়েছে।
মো:নজরুল ইসলাম হিরু,ফরিদপুর প্রতিনিধি : 

















