
মাদারীপুরের শিবচর উপজেলায় যথাযথ মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ই জুলাই) সকালে উপজেলার ময়নাকাটা সম্মেলন কক্ষে গত জুলাই বিপ্লবে যারা নিজেদের জীবন উৎসর্গ করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের স্মরণে ও শ্রদ্ধা জানাতে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন এবং শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। এছাড়াও অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “গত জুলাই মাসে যারা দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন, আজ তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শহীদদের এই আত্মত্যাগ ও অবদানকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং একটি সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বক্তারা নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মাসুম হাওলাদার,মাদারীপুর প্রতিনিধি : 


















