
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মিনি পিকআপ ও মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মিরপুর সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ঠ-১৩-২৩৬০ নম্বরের একটি মিনি পিকআপের সঙ্গে ঢাকা মেট্রো-ম-৫১-৪৫৪৪ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা যাত্রী মোহাম্মদ আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ দেলোয়ার হোসেন ছাদেক, বাহুবল উপজেলা প্রতিনিধি : 








