
গাজীপুরের বোর্ডবাজারে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) বোর্ডবাজার নীড শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৫ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মনোজ সিনহা, ডা. মৌসুমী কবির, ডা. মো. রায়হানুল হক, ডা. মো. বাপ্পি ইসলাম, ডা. মো. মেরাজ হোসেন, ডা. নাজমুল ইসলাম, ডা. রাসেল রানা, ডা. আব্দুল্লাহ আল মামুন এবং ডা. বিপুল চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএমকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. শফিকুল ইসলাম, জোনাল আইটি অফিসার মো. রঞ্জু মিয়া, বোর্ডবাজার নীড শাখার ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান এবং হিসাবরক্ষক মো. জাকির হোসেন।
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. শফিকুল ইসলাম জানান, পিএমকে দেশের বিভিন্ন শাখায় নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বোর্ডবাজার শাখায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা, প্রেসক্রিপশন, ওষুধ, পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. মাসুদুর রহমান বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গাজীপুর প্রতিনিধি : 


















