
ফরিদপুরের সালথায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূজা উদ্যাপন ফ্রন্টের উদ্যোগে সালথা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পরিণত হয় প্রাণবন্ত এক ধর্মীয় উৎসবে।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা, লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র তুলে ধরা হয়।
একই সঙ্গে শ্রীকৃষ্ণের জীবন ও তাঁর বিভিন্ন আখ্যানের চিত্রায়ণের মাধ্যমে ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা নানা সাজে সজ্জিত হয়ে উৎসবে যোগ দেন। তাঁদের আনন্দ-উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সালথা উপজেলা সদরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা। এ ছাড়া প্রহ্লাদ কুমার শীল, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। ধর্মীয় বিশ্বাসে, অসুর শক্তির বিনাশ, মানবতার কল্যাণ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল।
মঙ্গল শোভাযাত্রা শেষে সালথা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবটি পালিত হয়।

সালথা উপজেলা প্রতিনিধি : 








