
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর পূবাইলে আনন্দ মিছিল করেছে পূবাইল থানা যুবদল। মঙ্গলবার বিকেলে পূবাইল থানা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি পূবাইল কলেজ থেকে শুরু হয়ে খোকল ফিলিং স্টেশন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় পূবাইল কলেজ গেটসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম আলম মোল্লা, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারেজ আলী, যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট মোতালিব হোসেন, ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি সেলিম সরকার, সুজন পাঠান,হাসান মোল্লা,সফিকুল ইসলাম, দবির মণ্ডল ও রাশেদুল ইসলামসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
মিছিলের নেতৃত্বে থাকা পূবাইল থানা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, “যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ ও প্রেরণার দিন। এ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আমরা আশা করি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।”
মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: 


















