
আসন্ন ৭নং সিংগারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। মেম্বার পদপ্রার্থী সাংবাদিক মোঃ শামীম উসমান গণীর সমর্থকরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। পুরো এলাকাজুড়ে এখন বিরাজ করছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
সকালের প্রথম প্রহর থেকে গভীর সন্ধ্যা পর্যন্ত সমর্থকরা বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, দোকানপাট ও অলিগলিতে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন। একই সঙ্গে তারা সাংবাদিক শামীম উসমান গণীর অতীতের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছেন শামীম উসমান গণী। কখনো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, কখনো অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, আবার কখনো বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সমর্থকরা বলেন, “একজন জনপ্রতিনিধি শুধু ভোটের সময় নয়, মানুষের সুখ-দুঃখের সময় পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় বিষয়। শামীম উসমান গণী সেই মানবিক গুণের পরিচয় বহু আগেই দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে ৩নং ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
গণসংযোগে অংশ নেওয়া অনেক ভোটার আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা অতীতেও অনেককে ভোট দিয়েছি। কিন্তু নির্বাচনের পর সাধারণ মানুষের খোঁজ খুব কমই নিয়েছেন তারা। এবার আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি মেম্বার না হয়েও মানুষের পাশে থেকেছেন। একজন শিক্ষিত, ভদ্র ও মানবিক মানুষ হিসেবে তিনি ইতোমধ্যে সবার আস্থা অর্জন করেছেন।”
এলাকার প্রবীণ ও তরুণ ভোটারদের ভাষ্য, সমাজের উন্নয়ন তখনই সম্ভব যখন একজন সৎ, শিক্ষিত ও মানবিক মানুষ নেতৃত্বে আসেন। তাই তারা এবার সাংবাদিক মোঃ শামীম উসমান গণীকে বিজয়ী করে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চান।
সবশেষে সমর্থকরা ৩নং ওয়ার্ডসহ পুরো ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তাদের প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একজন মানবিক প্রতিনিধি হিসেবে শামীম উসমান গণী মানুষের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত করবেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : 


















