
নোয়াখালীর সেনবাগে ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের চার দিন পর আবুল কাশেম (৫৮) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আবুল কাশেম সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ব্যাপারী বাড়ির মৃত নুর মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, গত ২৩ জুলাই অসুস্থ অবস্থায় সেনবাগের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন আবুল কাশেম। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি সোমবার সকালে সেনবাগ পৌরসভা ও বাজার এলাকায় মাইকিং করেও তাঁর সন্ধান মেলেনি। পরিশেষে সোমবার সন্ধ্যায় সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদের পাবলিক টয়লেটের সংলগ্ন একটি ময়লার ডোবায় ভাসমান অবস্থায় তাঁর অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ডোবাটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার নেপথ্য কারণ উদ্ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মোঃ মিজানুর রহমান সুমন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : 


















