হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোতালিব মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নিহত মোতালিব মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডুবাঐ বাজার এলাকার আকঞ্জি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা সিলেট ড-৪১-০০৬২ নম্বরের একটি তেলের লরির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, মোতালিব মিয়া মোটরসাইকেলসহ লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তেই নিথর হয়ে পড়ে থাকে তার দেহ, আর সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় আশপাশের মানুষ।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।”
স্থানীয়দের ভাষ্য, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
একটি তাজা প্রাণের এমন করুণ পরিণতিতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্বপ্ন ভেঙে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোতালিব মিয়া, যার শূন্যতা কোনোদিনই পূরণ হবে না।