টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ভোট পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (Representation of the People Order, 1972) অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা. এ. কে. এম. আবদুল হামিদ।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, কেন্দ্রভিত্তিক ফলাফল, প্রাপ্ত ভোটের হিসাব ও সংযুক্ত নথিপত্র পর্যালোচনা করে ভোট গণনার ক্ষেত্রে অসঙ্গতি, সন্দেহজনক পার্থক্য এবং পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার স্বার্থে এবং ভোটারদের প্রকৃত রায় সঠিকভাবে প্রতিফলনের লক্ষ্যে সংশ্লিষ্ট কেন্দ্রসমূহের ব্যালট পেপার পুনর্গণনার দাবি জানানো হয়েছে।
প্রার্থী তাঁর আবেদনে আরও উল্লেখ করেন, আইন ও বিধি মোতাবেক যৌক্তিক কারণ উপস্থিত থাকলে ভোট পুনর্গণনার আবেদন করার অধিকার সংরক্ষিত রয়েছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, আবেদনটি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দাখিল করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।