
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, “বাংলাদেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চালু করার কোনো বাস্তবতা নেই। একটি বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে এই পদ্ধতির সুপারিশ করছে, যাতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”
রবিবার (৭ জুলাই ২০২৫) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, “যারা আজ পিআর পদ্ধতি চালুর দাবি করছে, তাদের দলীয় কোনো সদস্য এখনও পর্যন্ত দেশের ইউনিয়ন পর্যায়ের একজন জনপ্রতিনিধিও হতে পারেনি। যারা নিজেরাই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি, তারা গোটা রাষ্ট্রীয় নির্বাচন পদ্ধতি বদলে দিতে চায়—এটা কখনোই বাংলাদেশে বাস্তবায়নযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “গত ১৬-১৭ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে আহত ও নির্যাতনের শিকার হয়েছেন। এখন কেউ যদি কাল্পনিক ও অযৌক্তিক দাবির মাধ্যমে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়ার অবকাশ নেই।”
বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “দেশের মানুষ যেভাবে নির্বাচন করতে চায়, সেই প্রক্রিয়াটিই সঠিক ও নিরাপদ। তাই অবিলম্বে একটি বাস্তবভিত্তিক, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। আমরা সরকারের সহযোগিতায় প্রস্তুত, তবে এই সহযোগিতা দীর্ঘস্থায়ী হবে না।”
তাকিনুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ 
















