অসময়ের টানা বৃষ্টিতে মাদারীপুরের শিবচরসহ দেশের বিভিন্ন অঞ্চলে জমিতে কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই টানা বর্ষণের ফলে রোপা আমন মৌসুমের কষ্টার্জিত ফসল ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, অনেক কৃষক ধান কেটে শুকানোর জন্য জমিতেই বিছিয়ে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান পানিতে ভিজে ও তলিয়ে গিয়ে পচে যাওয়া এবং জমিতেই অঙ্কুরোদগম হওয়ার ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি জমিতে পানি জমে থাকা ও ভেজা আবহাওয়ার কারণে পাকা ধান কাটা ও মাড়াই করার কাজ পুরোপুরি ব্যাহত হচ্ছে।
শুধু আমন ধানই নয়, নিচু জমিতে থাকা শীতকালীন শাকসবজি, আলু এবং সদ্য বপন করা সরিষার ক্ষেতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ ধারদেনা করে চাষাবাদ করা কৃষকেরা ফসলের এমন বিপর্যয়ে মহাজনের ঋণ পরিশোধ নিয়ে চরম আর্থিক দুশ্চিন্তায় পড়েছেন।
ক্ষতির শঙ্কা প্রকাশ করে দত্তপাড়া ইউনিয়নের কৃষক এনায়েত মুন্সি বলেন, "আমি প্রায় তিন বিঘা জমির ধান কেটে জমিতেই রেখে দিয়েছি শুকানোর জন্য। তার মধ্যেই টানা বৃষ্টি শুরু হয়েছে। সবগুলো ধান পানির নিচে নষ্ট হয়ে যাবে।"
আরেক কৃষক জমির মোল্লা আক্ষেপ করে বলেন, "জমিতে ধান কেটে রেখে আসলাম, সেই দিন রাত থেকেই বৃষ্টি শুরু হয়। এখন পানিতে তলিয়ে আছে ধান। আজকে যদি রোদ না ওঠে, তবে সব ধান নষ্ট হয়ে যাবে।"
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আকাশ পুরোপুরি মেঘমুক্ত হতে আরও দুয়েকদিন সময় লাগতে পারে; এরপর টানা কয়েকদিন রোদের দেখা মিলতে পারে।
উল্লেখ্য কৃষি অফিসের তথ্যমতে শিবচরে এ বছর প্রায় ৪৮০০ হেক্টর জমিতে রোপা ও বোনা আমন ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান খান মুঠোফোনে বলেন, "কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের মাঝে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আগেই অবগত করা হয়েছিল। তারপরও অনেক কৃষক ধান কেটে জমিতে রেখে দিয়েছেন। অতিরিক্ত বৃষ্টির কারণে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।"
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে বৃষ্টিতে ধানের ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।"
ফসল হারানোর শঙ্কা ও আবহাওয়ার অনিশ্চয়তায় দ্রুত সরকারি সহায়তা ও কৃষি বিভাগের কার্যকর পরামর্শের অপেক্ষায় দিন কাটাচ্ছেন শিবচরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা।