ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা শ্রমিকদল।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে সালথা উপজেলা সদর বাইপাস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। পরে বাইপাস সড়কের লাভ চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, সহসভাপতি সোহরাব মোল্লা, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আকুব্বর মাতুব্বর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস, শ্রমিকদলের ভাওয়াল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ইউসুফ মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বাসসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।