আনুমানিক ভোর রাতে (৯ নভেম্বর) বাসে অগ্নি সংযোগের একটি ঘটনা ঘটে বরগুনা পলিশ লাইন এলাকায় ।
বরগুনা জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)'র একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের মতো বিআরটিসির বাসটি বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়েছিল। ভোর রাতের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ লাইন্সের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির কিছু অংশ পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধ্যরাতে পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান।
এদিকে, জেলা পুলিশ লাইন্সের মতো গুরুত্বপূর্ণ এলাকার সামনে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের বিষয়টি এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।
এ ধরনের নাশকতা মূলক কর্মকান্ডের জন্য জাতির বিবেকের কাছে এখন প্রশ্ন হয়ে দাড়িয়েছে। এ বিষয়টি এখন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আনা উচিৎ বলে সাধারণ জনগণের অভিমত।