রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ৫০ সজ্জা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৮নভেম্বর) সকাল এগারটা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্র্যে এই অভিযান চালায় দুদক। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও দুদকের নিকট রোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল রবিবার সকাল এগারটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চারঘন্টা ব্যাপী অভিযান চালান দুদকের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের ৫ জন সদস্য। রোগীদের দেওয়া অভিযোগ ও একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযানে যান। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন নথি যাচাই করেন। এ ছাড়াও তারা হাসপাতালের রোগীদের সঙ্গে কথা বলেন। অভিযানে দুদকের কর্মকর্তারা সরকারি ওষুধ কেনা ও বিতরণসহ নানা অনিয়মের বিষয়ে যাচাই বাছাই করেন।
দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল ভাউচার সহ বিভিন্ন কেনাকাটায় অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এগুলোর বিস্তারিত প্রতিবেদন প্রধান কার্যালয়ে লিখিতভাবে পাঠানো হবে। পরবর্তীতে নিয়মমতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নওশাদ খানঁ দুদকের অভিযানের বিষয়ে জানান,কিছু বিল ভাউচারে ক্রটি পেয়েছে। তবে এগুলো গুরুতর কোন সমস্যা নয়।