মহা পবিত্র বিশ্ব উরস শরিফ ও বিশ্ব ইসলামি মহা সম্মেলন ২০২৭ ইং উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নে জাকের পার্টি মূলদল ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দুলালপুর ইউনিয়নের বিটি কালমিনা এলাকায় এক দাওয়াতী আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রায়হান মাহামুদ গাজীপুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম মিলন।
দুলালপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকের পার্টি কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলার সভাপতি এস এম কাবিল হোসেন, সহসভাপতি মকবুল হোসেনসহ জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

জলসায় বক্তারা মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তাৎপর্য, মানবকল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ইসলামের মহান আদর্শ নিয়ে আলোচনা করেন। এ সময় জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ–২০২৭ ইং সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।