ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া বাজারে অবস্থিত লিটিল স্টার কিন্ডার গার্টেন স্কুলে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও লিটিল স্টার কিন্ডার গার্টেনের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা হানিফ মণ্ডল।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি, গজারিয়া বাজার কমিটির সভাপতি ও লিটিল স্টার কিন্ডার গার্টেনের পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম নুরু মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও লিটিল স্টার কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আক্তার হোসেন, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু সুকুমারচন্দ্র সাহা, সাংবাদিক মো. নজরুল ইসলাম হিরুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সরকারি বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সচেতন মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঠিক দিকনির্দেশনা, নিয়মিত পাঠচর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।
বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও উৎসাহিত করা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আয়োজকরা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।