নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপনের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ব্যক্তিগত বহুতল ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক সামনে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাস জায়গা জবরদখল করে এই নির্মাণকাজ চালানো হচ্ছে বলে জানা গেছে।
শুধু জমি দখলেই ক্ষান্ত হননি ইউপি চেয়ারম্যান; ভবন নির্মাণের জন্য রড, সিমেন্ট, বালুসহ যাবতীয় নির্মাণসামগ্রী ইউনিয়ন পরিষদের খোলা মাঠে স্তূপ করে রাখা হয়েছে। ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে পরিষদের উন্মুক্ত প্রাঙ্গণ। একদিকে সরকারি জমি দখল, অন্যদিকে পরিষদের প্রাঙ্গণে প্রতিবন্ধকতা তৈরির কারণে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাহত হচ্ছে পরিষদ কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমও।
পরিষদ মাঠে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন দাবি করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাকে মাঠে এসব মালামাল রাখার অনুমতি দিয়েছেন। তবে সরকারি সম্পত্তি দখল ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে পরিষদের মাঠ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করায় স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। একই সাথে অবৈধ দখলমুক্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জায়গা উদ্ধার এবং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।