নীলফামারীর ডিমলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরাতন স্কুল ব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
৫১ বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
তারা থামার পরিবর্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।
বিজিবি জানায়, অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ৫১ বিজিবি।