আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করা হয়েছে।
বুধবার(১৬'সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ বাইপাস এলাকায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পরিদর্শন করেন। এসময় তারা পথসভা সফল করার লক্ষে সার্বিক দিক নির্দেশনা দেন। পথসভায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ পথসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলার ১১'দলীয় ঐক্য জোট। পরিদর্শন শেষে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মোবারক হোসাইন বলেন, ঢাকা- চট্টগ্রাম লংমার্চে ব্যাপক সাড়া পাওয়া গেছে। যার ফলে ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর অভিমুখী লং মার্চ শুরু করবো। আমাদের লংমার্চ জাতির জন্য। সরকার বাধ্য হবে আমাদের দাবিগুলো মেনে নিতে।
জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, লংমার্চের টাঙ্গাইলের এই পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ইতিমধ্যে সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করেছি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আমাদের লোকজন থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদ্বয় ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি এডভোকেট কামরুজ্জামান শাওন, সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান,জামায়তের জেলা সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,
ইসলামি ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম প্রমুখ। সভাস্থল পরিদর্শন শেষে জেলা ও উপজেলা দায়িত্বশীলদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।