হবিগঞ্জের বাহুবলে মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার অপরাধে ইছব আলী (পিতা: ইউনুস মিয়া) নামে এক ব্যক্তিকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবন করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও হট্টগোল করার সময় ইছব আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।