
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর ও জেলা শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় গাজীপুর মহানগরের বাসন এলাকার নাওজোড় (ভোগড়া ব্রিজ) এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষাসফর, বৃক্ষরোপণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ সম্পদ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। দিনব্যাপী কর্মসূচিতে জাকের পার্টির নেতাকর্মী, ছাত্র ফ্রন্টের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।