মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির দুঃসময়ের রাজপথের সহযোদ্ধা মো. জুনায়েদ চোকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২৭শে আগস্ট বৃহস্পতিবার বিকেলে শিবচর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুনায়েদ চোকদার দলের কঠিন সময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
এর আগে, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মো. জুনায়েদ চোকদারকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।