চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও কল্যাণ সাধনের লক্ষ্যে গঠিত ‘সেনবাগ পেশাজীবী পরিষদ’-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ এম্বার এসেন্স রেস্টুরেন্টে এ সভা আয়োজিত হয়। এতে সেনবাগের বিভিন্ন পর্যায়ের বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে সেনবাগের কৃতি সন্তান নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে গঠিত ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা সবুজ-এর যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান মিঠু।
পরিচিতি সভায় বক্তারা বলেন, “সেনবাগ আমাদের-আমরা সেনবাগের”—এই মূলমন্ত্রকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ব্যক্তি বা পেশাগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেনবাগের সামগ্রিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং এলাকার শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার নানা পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রামে বসবাসরত সেনবাগবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, এই পরিষদের মাধ্যমে সেনবাগের মানুষের কল্যাণে গৃহীত কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং চট্টগ্রামে বসবাসরত সেনবাগবাসীর স্বার্থ সুরক্ষায় সংগঠনটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।