
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মধ্যে স্বামী মেহেদী হাসানকে (২৮) হত্যার অভিযোগে স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে পৌর এলাকার মসজিদ পাড়া থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার জলফু মিয়ার ছেলে মেহেদী দীর্ঘ ২০ বছর ধরে মাকে নিয়ে আখাউড়ার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ৯ মে পারিবারিকভাবে বিয়ে হয় জান্নাত আক্তারের সঙ্গে।
বিয়ের পর থেকেই জান্নাত স্বামীকে মেনে নিতে পারছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মেহেদী। ভোরে জান্নাত বাড়ির মালিককে জানান, স্বামী অসুস্থ। স্থানীয়দের সহায়তায় মেহেদীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “বিয়ের আগে জান্নাতের অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কেও অনীহা ছিল তার। শুক্রবার রাতে শারীরিক সম্পর্ক নিয়ে বিরোধ হলে ঘুমের ওষুধ খাইয়ে ও পরে বালিশচাপা দিয়ে মেহেদীকে হত্যা করেন তিনি।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জান্নাত হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মোঃ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ 
















