শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও সাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে মাছ ধরার ঠানা জালে আটকা পড়া একটি সাপ জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াগাঁও সাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে মাছ ধরার ঠানা জালে আটকা পড়া একটি সাপ জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল রাতে মাছ ধরার জন্য ফিশারিতে ঠানা জাল পাতা হয়। আজ জাল তুলতে গিয়ে প্রকল্পের ম্যানেজার জালের মধ্যে সাপটি আটকা অবস্থায় দেখতে পান। সাপটিকে না মেরে তিনি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা নিশ্চিত হন, এটি একটি দাঁড়াশ সাপ।
পরে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় জাল কেটে সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ সময় জালে আটকা থাকায় সাপটি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধার শেষে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে সাপটিকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।