মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর ক্ষমতা দেখিয়ে ১৬০ শতাংশ পৈতৃক জমি জোরপূর্বক জবরদখল এবং ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় শিবচর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগী ডা. নুর মোহাম্মদ মোড়লের পুত্রবধূ সিমা আক্তার অভিযোগ করে বলেন, "ভূমিদস্যু ও প্রতারক আব্দুল হাই মিয়া এবং তার ছেলে মেজর ফাহিম সিদ্দিকী সেনাবাহিনীর ক্ষমতা অপব্যবহার করে জোরপূর্বক আমাদের বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদ করেছে। তারা আমাদের পৈতৃক ভিটা-জায়গা দখল করে আমাদের সর্বস্বান্ত করতে চাইছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে।"
তিনি আরও জানান, বর্তমানেও তাকে ও তার পরিবারকে বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের বাসার ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দিয়ে ঘর ভাঙচুর করা হয়েছে।
এ সময় অবিলম্বে জমি দখলমুক্ত করা এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, "আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সরকারের কাছে এর সঠিক বিচার চাই।"
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।