নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোর-লেইন মহাসড়কে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেছে। তবে অলৌকিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আজিজপুর পোলের গোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, চৌমুহনী থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের বাসটি ছমির মুন্সিরহাট অতিক্রম করে আজিজপুর এলাকায় পৌঁছায়। পথিমধ্যে মহাসড়কের ওপর আগে থেকেই বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান দেখে বাসচালক দ্রুত গতি কমানোর জন্য ব্রেক চাপেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের ভেতর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের। ভাগ্যক্রমে তাদের কেউই গুরুতর আঘাত পাননি।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কের ওপর বিকল যানবাহন দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে। কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা বা সংকেত না থাকায় হরহামেশাই এমন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত এসব অকেজো যান অপসারণ এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রায়হান মাহামুদ।
অফিস : কুড়িল বিশ্বরোড) বারিধারা, ঢাকা-১২২৯।
ই পেপার